অনুমোদনহীন নিউজ পোর্টালের উত্থান, ভুয়া পরিচয়ে প্রতারণা—কঠোর পদক্ষেপের প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর
ভুয়া নিউজ পোর্টাল ও ভুয়া প্রেস কার্ডের প্রতারণা চক্র সক্রিয়: জনসচেতনতা ও নজরদারি বাড়ানোর আহ্বান
- আপডেট সময় : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

দেশজুড়ে সাম্প্রতিক সময়ে অনুমোদনহীন ও নাম-বেনামি অনলাইন নিউজ পোর্টালের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এসব পোর্টাল নিজেদের পরিচিত করতে “বাংলা”, “বাংলাদেশ”, “নিউজ” ইত্যাদি শব্দ ব্যবহার করে সাধারণ মানুষের কাছে নিজেদেরকে সরকারি নিবন্ধিত গণমাধ্যম হিসেবে প্রচার করছে। অথচ অধিকাংশ প্ল্যাটফর্মের নেই কোনো সরকারি নিবন্ধন, নেই তথ্য মন্ত্রণালয় বা প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (PID)-এর আনুষ্ঠানিক অনুমোদন।
বিশস্ত সূত্রে জানা গেছে, এসব ভুয়া পোর্টালের মূল উদ্দেশ্য হলো ভুয়া প্রেস কার্ড তৈরি করে টাকার বিনিময়ে বিক্রি করা এবং সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো। এর ফলে সাধারণ পাঠক বিভ্রান্ত হচ্ছে এবং প্রকৃত সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অনুমোদনবিহীন গণমাধ্যমে প্রতিনিধি হওয়া কিংবা ভুয়া প্রেস কার্ড ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে—
✔ কোনো প্রতিষ্ঠানে যোগদানের আগে তার সরকারি নিবন্ধন নম্বর যাচাই করতে হবে।
✔ প্রিন্ট লাইসেন্স, প্রকাশক-সম্পাদক, ঠিকানা ও PID অনুমোদন নিশ্চিত হওয়া জরুরি।
✔ নাম-বেনামি ও অনুমোদনহীন অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত হওয়া বিপজ্জনক।
✔ ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে সর্বস্তরের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, ভুয়া নিউজ পোর্টাল ও ভুয়া প্রেস কার্ড প্রতারণা চক্র দমনে কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। সত্য, নৈতিকতা ও ন্যায়ের সাংবাদিকতা রক্ষায় প্রতারক চক্রের বিরুদ্ধে সমাজের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।














