রাস্তায় পানি জমে চলাচলে ভোগান্তি—প্রশাসনের নজরদারির দাবি এলাকাবাসীর
গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে রাস্তা সংস্কার দাবিতে আবেদনকারীর বিরুদ্ধে অপপ্রচার
- আপডেট সময় : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের রুপসাইল গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাজুক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার পাশে টিলা ধসে পড়ে থাকা মাটিও দীর্ঘদিন ধরে অপসারণ না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।
ফুলবাড়ি পূর্বপাড়া রুপসাইল গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির সামনে থেকে খোকন চন্দ্রনাথের বাড়ির সম্মুখ পর্যন্ত রাস্তার বেহালদশা এলাকাবাসীর চলাচলে চরম সমস্যা সৃষ্টি করেছে। শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ রাস্তার দুই পাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা।
এ অবস্থায় গত ১৭ আগস্ট কামাল খান গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বরাবর সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্যাডে রাস্তা সংস্কারের আবেদন করেন। তবে চার মাস অতিবাহিত হলেও দাবি অনুযায়ী কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সম্প্রতি আবেদনকারী কামাল খান উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা কল রিসিভ না করে কেটে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গত ১৯ নভেম্বর কামাল খান এলাকার গণ্যমান্য কয়েকজনকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান বলে জানান উপস্থিতরা।
এদিকে অভিযোগ উঠেছে—কার্যালয়ের এক কর্মচারী অন্য ব্যক্তির পক্ষ হয়ে আবেদনকারী কামাল খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর কাজে সহযোগিতা করেছেন। সাদিকুর রহমান বিডি নামের একটি আইডি থেকে করা এসব পোস্টকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন ভুক্তভোগী কামাল খান।
এ বিষয়ে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে ন্যায্য তদন্ত এবং অপপ্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এলাকাবাসীও দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার সমাধান চান।






















