নাইট গার্ডের অভাবে বেড়েছে চুরি, পানিতে ডুবে গেছে হাসপাতালের দুই তলা
শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ট্যাপ চুরি, পানি ডুবেছে দুই তলা—রোগীদের চরম দুর্ভোগে দিন কাটছে
- আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। গতরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা হাসপাতালের কয়েকটি ট্যাপ কল চুরি করে নিয়ে যায়। ট্যাপগুলো ভাঙা অবস্থায় ফেলে রাখায় সারারাত অনবরত পানি বের হয়ে নিচতলা ও দ্বিতীয় তলার ফ্লোর ডুবে যায়।
ফলে হাসপাতালের করিডোর ও বিভিন্ন ওয়ার্ডে পানি জমে কাদা তৈরি হয়। এতে রোগী, চিকিৎসক ও স্বজনদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। অনেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কায় আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ এখন নোংরা ও দুর্গন্ধে ভরা। পানি জমে থাকার কারণে সংক্রমণ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।”
এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন জানান, “দীর্ঘদিন ধরে নাইট গার্ডের পদটি শূন্য থাকায় চুরির ঘটনা বারবার ঘটছে। ইতোমধ্যে বিষয়টি থানায় জানানো হয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।”
স্থানীয়রা বলেন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত না করা হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে














