রায়েরকান্দি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মাদারীপুরে জোরপূর্বক জমি দখল: ফলজ-বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ ভূমিদস্যুদের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জোরপূর্বক জমি দখল ও ফলজ-বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী সোবহান বেপারী জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবু বেপারী, মতি বেপারী, দাদন বেপারী ও ওয়াজেদ বেপারী বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছে। এক পর্যায়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখল করতে তারা গায়ের জোরে তার জমিতে ঢুকে কলাগাছ, মেহগনি, কাঁঠাল ও আমগাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ কেটে নেয়।
তিনি বলেন, “আমার জমি দখল করতে না পেরে তারা আগে মিথ্যা মামলা দিয়েছিল। সেই মামলায় হেরে যাওয়ার পর এখন জোর করে আমার সম্পত্তি দখল করেছে। ভিটায় গেলে আমাদের হত্যার হুমকিও দিচ্ছে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।”

অভিযুক্ত বাবু বেপারী স্বীকার করেছেন, “জমি আমার, তাই আমি দখল করেছি এবং গাছ কেটেছি।”
এ বিষয়ে মাদারীপুর সদর থানার শ্রীনদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, “গাছ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে বিরোধ চলছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।






















