বড়াল নদে গোসল করতে গিয়ে তলিয়ে গেল রিহান ও মাহিদ
চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলা সদরের বড়াল নদের উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলেন থানাপাড়া এলাকার রিহান ইসলাম (১৭) ও মাহিদ হোসেন (১৭)। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
স্থানীয়রা জানান, রিহান ও মাহিদ নিয়মিত একসঙ্গে সময় কাটাত। সোমবার কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলার পর তারা নদীতে গোসল করতে নামে। বড়াল নদে বর্তমানে পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে। গোসলের সময় রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। পরে দুজনেই পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছান। ডুবুরি দল রাজশাহী সদর থেকে আসায় উদ্ধার কার্যক্রম শুরুতে কিছুটা সময় লাগে। পরে দুই কিশোরকে উদ্ধার করা হলেও তারা আর বাঁচেনি।














