সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মহিলা জামায়াত নেত্রীর তীব্র নিন্দা
সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিমে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিম প্রোগ্রামে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
বুধবার বিকেলে সোনাইমুড়ী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ৯নং দেওটি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ফাতেমা বেগম।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আইন মান্যকারী ও সুশৃঙ্খল সংগঠন। সারাদেশে সংগঠনের নারী বিভাগ নিয়মিতভাবে কুরআন শিক্ষার মাধ্যমে মা-বোনদের ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করছে। এরই ধারাবাহিকতায় দেওটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর দেওটি গ্রামের মাঈন উদ্দিন বেপারীর বাড়িতে বাড়ির মালিকের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে কুরআন তালিম প্রোগ্রাম আয়োজন করা হয়।”
তিনি অভিযোগ করে বলেন, “প্রোগ্রাম চলাকালীন সময়ে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম, মো. লিটনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রোগ্রামে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।”
ফাতেমা বেগম আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় শিক্ষা দিচ্ছিলাম, সেখানে হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও সহনশীলতার চর্চায় বিশ্বাসী নয়। নিরীহ মহিলা কর্মীদের ওপর হামলা নারীদের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের জঘন্য উদাহরণ।”
তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














