বেগমগঞ্জে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবাসহ কুখ্যাত জাইল্লা জহির আটক
বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘জাইল্লা জহির’ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. জহির হোসেন ওরফে ‘জাইল্লা জহির’ (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ৩নং ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকায় র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তারকৃত জহির হোসেন (জাইল্লা জহির) লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিল জাইল্লা জহির। এ তথ্যের ভিত্তিতে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল অভিযান চালায়। পরে আমানতপুর তপাদার বাজার এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে জহিরের দেহ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার জহির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আটক জহিরকে উদ্ধারকৃত ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।














