হারবাং ইউনিয়নে প্রবাসীর ভোগদখলীয় জমিতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা ও প্রাণনাশের হুমকি
চকরিয়ায় প্রবাসীর ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি
- আপডেট সময় : ০৩:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের এক প্রবাসীর দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণে বাধা, ফলজ-বনজ গাছ কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আবু আহমদ তারই সৎ ভাই সাবেক যুবলীগ নেতা জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ভুক্তভোগী আবু আহমদ, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী পাড়ার বাসিন্দা। তিনি জানান, জহিরুল ইসলাম মানিক তার সৎ ভাই। পারিবারিক জমি-জমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গ্রাম্য সালিশে গিয়েও সমাধান হয়, যেখানে সালিশ আদালতের রায় আবু আহমদের পক্ষে আসে।
কিন্তু ওই রায় অমান্য করে জহিরুল ইসলাম মানিক নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। ভুক্তভোগীর দাবি, পূর্বে দায়ের করা এক মামলায় মানিক দুই মাস কারাভোগের পর বের হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং এখন প্রায়ই হামলা, মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
আবু আহমদ আরও বলেন, “আমার তিন সন্তানই প্রবাসে অবস্থান করছে। এই সুযোগে আমার সৎ ভাই আমার ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছে। এমনকি আমার জমিতে রোপিত ফলজ-বনজ গাছ কেটে নিয়ে গেছে, যার ক্ষতি প্রায় দেড় লক্ষ টাকা।”
তিনি অভিযোগ করেন, জহিরুল ইসলাম অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ রাজনীতির ছত্রছায়ায় থেকে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার জমি দখলের পাঁয়তারা করছে।
এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।














