লোকনাথপুরে গভীর রাতে টিউবওয়েলের বৈদ্যুতিক মটর খুলতে গিয়ে লাইভ তারের সংস্পর্শে মৃত্যু; মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা,দামুড়হুদা | ১ সেপ্টেম্বর ২০২৬: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে পানির বৈদ্যুতিক মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের বৈদ্যুতিক মটর চুরি করতে কেরামত আলীর বাড়িতে প্রবেশ করেন শফিকুল। পরে মটরটি খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই মটর খোলার চেষ্টা করার সময় লাইভ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন টিউবওয়েলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শফিকুল ইসলাম বরুর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, এর আগেও চুরির ঘটনায় তিনি বিভিন্ন এলাকায় স্থানীয়দের হাতে আটক ও মারধরের শিকার হয়েছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।













