আলমডাঙ্গার মহেশপুর ঘাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ৭৪ বছর বয়সী ময়জান খাতুন; প্রায় তিন ঘণ্টা পর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা | ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়জান খাতুন (৭৪) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ময়জান খাতুন মহেশপুর এলাকার মৃত আকবার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে ময়জান খাতুন মহেশপুর মোল্লাপাড়া ঘাট এলাকায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তিনি পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে কয়েকজন নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল ৫টার দিকে মহেশপুর ঘাট এলাকায় নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেটি ময়জান খাতুনের মরদেহ বলে শনাক্ত করা হয়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।













