হাতীবান্ধার পূর্ব ফকিরপাড়া থেকে ১২ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও পাটগ্রামের গুরুপাড়া শ্মশানঘাট থেকে ২০০ পিস SENARGRA 100 mg উদ্ধার
হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য
- আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা ও নাজিরগোমানী বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বড়খাতা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া মালিকবিহীন ১২ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
অন্যদিকে একই রাতে নাজিরগোমানী বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার গুরুপাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট SENARGRA 100 mg উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উভয় অভিযানে উদ্ধার করা পণ্যগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের বিষয়ে সংশ্লিষ্টভাবে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।













