জাতীয় কবির সাহিত্য, সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগ
নজরুলের সাহিত্য-দর্শন নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে পাঁচবিবিতে আয়োজন
- আপডেট সময় : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সংগীত এবং সাম্য ও মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁর লেখনীতে অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের সঙ্গে পরিচয় আরও গভীর করতে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নজরুলচর্চার আগ্রহ সৃষ্টি এবং তাঁর সৃষ্টিকর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে।
এ সময় বক্তারা নজরুলচর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্যসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, সংগীত ও অন্যান্য সৃজনশীল আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগকে স্বাগত জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।














