কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিম পাড়ায় দুর্ঘটনা; রংপুরের ডুবুরি দলের অভিযানে গভীর পানির নিচ থেকে মরদেহ উদ্ধার
গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে কিশোরীর মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাজেরা বেগম (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম ওই এলাকার গার্মেন্টস শ্রমিক আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদরাসার ছাত্রী ছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তিন বোন মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় হাজেরা পুকুরে নামলেও তার সঙ্গে থাকা অন্য দুই বোন পানিতে নামেনি। একপর্যায়ে হাজেরা পুকুরের গভীর পানিতে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।
হাজেরা দীর্ঘ সময় পানির ওপর ভেসে না ওঠায় তার বোন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে স্থানীয় স্টেশনে ডুবুরি দল না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
রংপুর থেকে আসা বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরের গভীর পানিতে উদ্ধার অভিযান চালায়। প্রায় ১০ মিনিটের চেষ্টায় ডুবুরি দল হাজেরার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নিতাই চন্দ্র জানান, রংপুর থেকে আসা ডুবুরি ইউনিট পুকুরের গভীর পানি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে।
এদিকে কিশোরীর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।














