পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা ও বসুনিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক হামলা; হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা
শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭
- আপডেট সময় : ০৬:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়, রংপুর | ২৪ আগস্ট ২০২৬ :
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের হামলায় সাতজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে পৃথক সময়ে উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—জগদল সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।
আহত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে কয়েকটি শিয়াল তাঁদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়।
শিয়ালের হামলায় আহত ব্যক্তিরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে একাধিক কামড়ের ক্ষত থাকায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, “শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।”
একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে সড়কে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক এলাকায় একই রাতে শিয়ালের হামলার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিয়ালের উপদ্রবের কারণ অনুসন্ধান এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।





















