গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জহির হোসেনের পক্ষে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
ছাতকে ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তৃতা দেন গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, হাজী রউফ মিয়া, মোহাম্মদ জহির উদ্দিন, জাবেদ মিয়া প্রমুখ।
এ সময় গোবিন্দগঞ্জ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, দিঘলি গ্রামের গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, ঈদগাহ ও কবরস্থানের জন্য সরকারি ভুমি বরাদ্দের আবেদন করায় ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জের এক ক্ষুদ্র ব্যবসায়ী পক্ষ থেকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।
তারা বলেন, “গোবিন্দগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের নাম ব্যবহার করে উচ্ছেদের নামে ভূমি দখলের অপচেষ্টা চালাচ্ছে।” বক্তারা এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা ও ভূমিখেকোদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।














