ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি ও বিপুল পরিমাণ সার মজুদের অভিযোগে খুচরা সার ডিলারকে অর্থদণ্ড।
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, অতিরিক্ত মজুদের অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২৪ আগস্ট ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা সার ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অনুমোদনবহির্ভূতভাবে অতিরিক্ত সার মজুদের অভিযোগ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় দোকানে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। এসব অভিযোগে দোকানের মালিক মো. নুর ইসলাম (৫০)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
মো. নুর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং তিনি মো. নুরফসালীর ছেলে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
অভিযানে উদ্ধার হওয়া সার সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ দায়িত্ব দেওয়া হয়েছে ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে।
অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রশাসনের অভিযানে পাওয়া অভিযোগের ভিত্তিতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ বা আপিল থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।














