চম্পকনগর ব্রিজে আলেম ও তাওহিদী জনতার কর্মসূচি; ১২ রবিউল আউয়ালে অবস্থান কর্মসূচির ঘোষণা
জশনে জুলুস বন্ধ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে বিজয়নগরে মানববন্ধন
- আপডেট সময় : ১১:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া | ২৩ আগস্ট ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জশনে জুলুসের নামে বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ এবং নাঈম ও আবদুর রহমানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় আলেম ও তাওহিদী জনতা।
রোববার (২৩ আগস্ট) উপজেলার চম্পকনগর ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
মানববন্ধনে বক্তব্য দেন মুফতি আমিনুল ইসলাম হাশেমী, মুফতি রঈস উদ্দিন আমিনী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আবু বকর হাক্কানি এবং সাধারণ আলেম সমাজের ব্রাহ্মণবাড়িয়া জেলার মুখপাত্র মোল্লা জাহিদুল হাসান ইসরাফিলসহ স্থানীয় আলেম ও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ১২ রবিউল আউয়াল চম্পকনগর-চান্দুরা সড়ক কিংবা দুলালপুর এলাকায় কোনো ধরনের শোডাউন বা মিছিলের চেষ্টা করা হলে তারা তা প্রতিহত করবেন।
এ ছাড়া গত বছর চান্দুরা ডাকবাংলো মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে নিয়ে কথিত আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিবকে নিয়ে করা অভিযোগ ও মামলার ক্ষেত্রেও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
তারা অভিযোগ করেন, মামলা হওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের কাছে জবাব দাবি করেন বক্তারা।
মানববন্ধনে মাওলানা শফিকুল ইসলাম আগামী ১২ রবিউল আউয়াল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লক্ষ্মীপুর নতুন মসজিদের সামনে এবং দুলালপুর চার রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
বক্তারা বলেন, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীজি (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, সিরাত প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতসহ ইসলামি ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা যেতে পারে। তবে বাদ্যযন্ত্র, ঢোল-বাদ্য ও গান-বাজনাসহ যেসব কর্মকাণ্ডকে তারা ধর্মীয়ভাবে অনুচিত মনে করেন, সেসব কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
তানভীর ভুইয়া | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি














