শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
আদিতমারীতে ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এমপি রোকন উদ্দিন বাবুলের মতবিনিময়
- আপডেট সময় : ০৩:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

আদিতমারী,লালমনিরহাট | ১৮ আগস্ট ২০২৬: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে এলাকার উন্নয়ন ও ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মতবিনিময় ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জিএস সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল।
সমাবেশে সংসদ সদস্য সরকারের বিভিন্ন পরিকল্পনা এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তিনি বলেন, ১৮০ দিনের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ করে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও জনসেবার মতো গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে আদিতমারীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এমপি রোকন উদ্দিন বাবুল।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম মিঠু, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল রানা, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর ইসলাম, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসি বেগম।
এ ছাড়া আদিতমারী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত এসব সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদারের দাবি জানান।














