সাংবাদিক নির্যাতন, গুম-খুন ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি; কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির আহ্বান
সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, চট্টগ্রাম জেলা প্রশাসককে ইউপিসিসির স্মারকলিপি
- আপডেট সময় : ০৭:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম | ১৭ আগস্ট ২০২৬ঃ সারাদেশে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক নির্যাতন-গুম-খুন বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম (ইউপিসিসি)।
সোমবার (১৭ আগস্ট) ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে এ স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, গুম ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক, মিথ্যা, কাল্পনিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ও কারাবন্দি সাংবাদিকদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। কিন্তু বর্তমানে দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার হয়রানি চলছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে।” তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী আইনগুলো বাতিল বা প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান।
সংগঠনের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া সুস্থ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।
ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের কারাবন্দি হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কারাবন্দি সাংবাদিকদের দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
স্মারকলিপিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে পাঁচটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো—
১. সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও খুনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক, কাল্পনিক, মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৩. পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার এবং বর্তমানে কারাবন্দি সব সাংবাদিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৪. কর্মক্ষেত্রে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫. গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার ওপর দমনমূলক সব কালো আইন বাতিল অথবা প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
স্মারকলিপির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম সম্পাদক কবির আহমেদ মানিক ও মাহমুদ হায়দার জীবন, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।














