করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মুহিব হাসান শ্রাবণ; একদিন পর উদ্ধার মরদেহ, স্থায়ী ডুবুরি দলের দাবি স্থানীয়দের
বগুড়ায় নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বগুড়া | ১১ আগস্ট ২০২৬ঃ বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মুহিব হাসান শ্রাবণ (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উদ্ধারকারী দল করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত মুহিব হাসান শ্রাবণ বগুড়া সদর উপজেলার ইছাইদহ এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন প্রামানিকের ছেলে। তিনি জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর শ্রাবণ করতোয়া নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাজশাহী থেকে আসা ডুবুরি দল সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত করতোয়া নদীতে অভিযান চালায়। তবে আলোর স্বল্পতার কারণে ওই দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে উদ্ধারকারী দল পুনরায় অভিযান শুরু করে। একপর্যায়ে করতোয়া নদী থেকে মুহিব হাসান শ্রাবণের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে উদ্ধার তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বগুড়ায় স্থায়ী ডুবুরি দল না থাকায় উদ্ধার কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, করতোয়া নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি বগুড়া ফায়ার সার্ভিস ইউনিটে স্থায়ী ডুবুরি দল ও আধুনিক উদ্ধার সরঞ্জাম সংযুক্ত করার দাবি জানান তারা।
বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ জানান, খবর পাওয়ার পর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে আলোর স্বল্পতার কারণে ওই সময় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পুনরায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বগুড়া ফায়ার সার্ভিসে স্থায়ী ডুবুরি দল সংযুক্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় মুহিব হাসান শ্রাবণের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি ভবিষ্যতে নদীতে গোসল ও সাঁতারের ক্ষেত্রে সতর্কতা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।














