বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তিনজন; ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ
জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে একজন পুরুষ ও দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর ভারতের নিরাপত্তা বেষ্টনির একটি গেট দিয়ে একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।
এ সময় বাংলাদেশের সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।
বিজিবির কঠোর অবস্থানের মুখে পরে ভারতের নিরাপত্তা বেষ্টনির ৬৮/৫-এস বরাবর একটি গেট খুলে ওই তিনজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে চলতি বছরের জুলাইয়েও জীবননগরের মাধবখালী সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধারের ঘটনা ঘটে। সীমান্ত এলাকাটি চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।














