নেংড়ীহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৩ বছরের স্কুলশিক্ষার্থী
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২, আহত ১
- আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, ৮ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের বিএনপি নেতা নূরে আলমের ছেলে নীরব (১৬)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন চালক ও আরোহীরা। পথে নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় পথচারী আবুল হোসেনকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে পথচারীকে ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক নীরব ও আরোহী অর্ণব ইসলাম গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণব ইসলামের মৃত্যু হয়। অপর আহত নীরবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














