ফেসবুক আইডি ব্যবহার করে গবাদি পশু আত্মসাতের অভিযোগ প্রচারের প্রতিবাদ; তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সাবেক ভাইস চেয়ারম্যানের
ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে পাঁচবিবিতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১০:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইট।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পাঁচবিবি স্টেশন রোডস্থ অগ্রণী ব্যাংকের সংলগ্ন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে জিয়াউল ফেরদৌস অভিযোগ করেন, ‘খাদেমুল বাখতিয়ার’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে সরকারি অনুদানের গবাদি পশু আত্মসাতের বিষয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে।
তিনি দাবি করেন, গত ১৭ জুলাই জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় এনজিও এসডিএস উপকারভোগীদের নির্বাচন করে গবাদি পশু বিতরণ করেছে।
তার দাবি, ওই গবাদি পশু বিতরণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে গরু আত্মসাতের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস বলেন, এ ধরনের অপপ্রচারের কারণে তার সামাজিক মর্যাদা, সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও জানান, তিনি এর আগে পাঁচবিবি উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি ফেসবুকে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।














