এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়ন হবে দুটি গ্রামীণ সড়ক; উন্নত যোগাযোগে উপকৃত হবেন হাজারো মানুষ
গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকার দুই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন
- আপডেট সময় : ০৮:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা | ২৮ জুলাই ২০২৬: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম অংশ। টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এবং সাধারণ মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ করতে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদমর্যাদায় দপ্তরের দায়িত্বে সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, মনোয়ার হোসেন রাজু, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক মোতাহার আলী, প্রচার সম্পাদক আবু বকর, জেলা ওলামাদলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আতিকুর রহমান রতন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু নাইমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।
এর মধ্যে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দীর্ঘ পারগয়রা-জরিপপুর বাজার-ভায়া কুদাম সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১ হাজার ৬২৫ মিটার দীর্ঘ মিরকুচি-মদনতাইর-ববনপুর-ভায়া বালুপাড়া সড়ক উন্নয়ন করা হবে।
প্রকল্প দুটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জহির লিমিটেড। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।














