কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে উদ্ধার ৩০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা; আটক ৫ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৩০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। পৃথক অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের তত্ত্বাবধানে ২৫ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সাচার পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে জয়নগর মাঝি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ (১৯) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৫০ দায়ের করা হয়েছে।
একই দিনে এসআই ফ. ম. শাহ্জাহানের নেতৃত্বে সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (২৯)-এর হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা নং-৫১ রুজু করা হয়েছে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রুবেল সরকারের নেতৃত্বে গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা গ্রামে অভিযান চালিয়ে রিপন (৩২)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা নং-৫২ দায়ের করা হয়েছে।
এছাড়া এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পূর্ব কালোচৌ এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন পাঠান (৩৬) ও রুবেল মিয়া (৩৬)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা নং-৫৩ রুজু করা হয়েছে।
কচুয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক জব্দ করে পৃথক চারটি মামলার মাধ্যমে আটক পাঁচজনকে ২৬ জুলাই আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।”
পুলিশের এ অভিযানকে স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন।














