১ আগস্ট থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ; ৪৬টি তথ্যের ভিত্তিতে নির্বাচন হবে প্রকৃত সুবিধাভোগী পরিবার
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি শুরু ১ আগস্ট, ৪৬ ধরনের তথ্য সংগ্রহ করবে প্রশাসন
- আপডেট সময় : ০৬:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয়, পেশা, শিক্ষার অবস্থা, স্বাস্থ্য, জমির পরিমাণসহ মোট ৪৬টি তথ্য সংগ্রহ করবেন।
সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রথমে প্রাথমিক যাচাই, এরপর মাঠ পর্যায়ের যাচাই এবং সর্বশেষ চূড়ান্ত যাচাই সম্পন্ন করা হবে। যাচাই শেষে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে তাদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে সরকারি সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সঠিক ও সত্য তথ্য প্রদানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শুমারি কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হবে।














