২০১৬ সালের বোর্ড সভার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি, বগুড়াবাসীর মানববন্ধনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান
নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- আপডেট সময় : ০৩:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

বগুড়া | ২৩ জুলাই ২০২৬: নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলার সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শহরের সাতমাথা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, পেশাজীবী, শ্রমিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নেসকোর ৫১তম বোর্ড সভায় রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যবর্তী স্থানে কোম্পানির স্থায়ী প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত না হওয়ায় বগুড়াবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। তাঁদের মতে, বগুড়ায় প্রধান কার্যালয় স্থাপিত হলে রাজশাহী ও রংপুর বিভাগের বিদ্যুৎ গ্রাহকরা আরও দ্রুত, সমন্বিত ও মানসম্মত সেবা পাবেন। পাশাপাশি এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া জেলা সর্বস্তরের জনগণের সভাপতি মো. মোহায়েন হোসেন (মন্টু), সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং উপদেষ্টা জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা, শ্রমিক দল নেতা মো. আব্দুর রশিদ, মো. রায়হান আলী দেওয়ান, মো. সাইদ প্রামাণিক, মো. আব্দুর রহমান সরকার, মো. শাহাবুদ্দিন হোসেন, মো. রবিউল ইসলাম, এ কে এম আবুল কাসেম আজাদ, মো. একরাম হোসেন, মো. আবু তালেব, মো. আল-আমিন সরকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নেসকোর পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান।














