কুয়ালালামপুরে নির্মাণকাজের সময় ১০ তলা থেকে পড়ে প্রাণ হারান লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা; মরদেহ দ্রুত দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চায় পরিবার
মালয়েশিয়ার মাটিতে শেষ হলো রামগঞ্জের প্রবাসী মিল্লাতের স্বপ্নযাত্রা
- আপডেট সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

বিদেশে পরিবারের ভাগ্য বদলাতে গিয়ে কর্মস্থলেই প্রাণ হারালেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে নিহত হয়েছেন মিল্লাত হোসেন (৪২)।
নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টার দিকে কুয়ালালামপুরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে দায়িত্ব পালনকালে দুর্ঘটনাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মিল্লাত হোসেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই ও পদ্মাবাজারের মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, “কাজের সময় ভবনের ওপর থেকে পড়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এমন খবর আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।”
মিল্লাত হোসেনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। হাসনাবাদ এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রবাসীকল্যাণ সংশ্লিষ্ট দপ্তর এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়দের মতে, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি, যাতে কর্মস্থলের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কমে আসে।














