শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান
শিক্ষকদের ন্যায্য দাবিতে জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:
শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক অংশগ্রহণ করেন।
বিক্ষোভে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা, সম্মান ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা না থাকলে শিক্ষা কার্যক্রমের মানও ব্যাহত হয়।
বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন—
শিক্ষকদের বাড়ি ভাতা ৪৫% নির্ধারণ করতে হবে।
চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান করতে হবে।
শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত ১,০৭৯টি ইবতেদায়ি মাদরাসা অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে।
নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে।

স্বৈরাচারী আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষা উন্নয়নের মূল চালিকাশক্তি শিক্ষক। অথচ বছরের পর বছর তাদের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত এসব দাবি বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।














