কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ১০০ জন পেঁয়াজ চাষির হাতে আধুনিক এয়ার ফ্লো মেশিন তুলে দেওয়া হয়েছে।
হরিরামপুরে পেঁয়াজ চাষিদের মাঝে ১০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন উদ্যোগ
- আপডেট সময় : ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পেঁয়াজ চাষিদের মাঝে ১০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান। তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের গুণগত মান উন্নয়ন এবং কৃষকের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রণোদনা, আধুনিক কৃষিযন্ত্র বিতরণ এবং প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে কাজ করছে। এর ধারাবাহিকতায় পেঁয়াজ চাষিদের মাঝে ১০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে, যা পেঁয়াজ সংরক্ষণ, শুকানো এবং উৎপাদন ব্যবস্থাপনায় সহায়ক হবে। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং লাভজনক চাষাবাদে উৎসাহ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ১০০ জন পেঁয়াজ চাষির হাতে এয়ার ফ্লো মেশিন তুলে দেন অতিথিরা।
কৃষি বিভাগ জানায়, কৃষিকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














