চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ২২ জন—চমেকে পাঠানো হয়েছে গুরুতর আহত তিনজনকে
পটিয়ায় পিকনিক বাস ও মাছবাহী পিক-আপের মুখোমুখি সংঘর্ষে আহত ২২ জন
- আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাস সড়কের করল দক্ষিণ ঘাটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে চট্টগ্রামগামী পিকনিক বাস ঢাকা সাভারের সখিন পরিবহন ও কক্সবাজারগামী মাছবাহী পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ১২ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—সিরাজ আহমদ (২০), আনিসুল ইসলাম (১৯), মো. আলিম (২২), চান্দ মিয়া (৫৭), মালিহা (১৮), সজীব (২৪), মিজান (৪৭), তৌহিদুল ইসলাম (৬৩), বিপ্লব (২১), হাসান (২৪), আবদুল জলিল (৩৬) ও সাজিদ (১৪)।
এদের মধ্যে চান্দ মিয়া, তৌহিদুল ইসলাম ও সজীব গুরুতর আহত হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর পিকনিক বাসটি উল্টে যায় এবং মাছবাহী পিক-আপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর মাছগুলো রাস্তার ওপর ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, “দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”














