রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার; আটক তিনজনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি
ক্যাম্প-২৪ এ অভিযান চালিয়ে ওয়ান শুটার, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করল এপিবিএন
- আপডেট সময় : ০৮:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার অস্ত্র, ১৬৬ পিস ইয়াবা এবং নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) ক্যাম্প-২৪-এর এলএমএস (LMS) বি ব্লকের ২২৩ নম্বর বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি দেশীয় ওয়ান শুটার অস্ত্র, ১৬৬ পিস ইয়াবা এবং নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উদ্ধার হওয়া নগদ অর্থের মধ্যে ১ হাজার টাকার ৫৩টি নোট, ৫০০ টাকার ২৬টি নোট এবং ২০০ টাকার ৩টি নোট রয়েছে। মোট উদ্ধারকৃত অর্থের পরিমাণ ৬৬ হাজার ৬০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন—
১. আক্তার হোসেন (২৬), পিতা: নবী হোসেন, দক্ষিণ আলীখালী, ৮ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
২. বশির আহমেদ (২৫), পিতা: আব্দুর রহমান, রোহিঙ্গা ক্যাম্প-২৪, এলএমএস-বি ব্লক, সাব-ব্লক এ-৪।
৩. আবুল বাসের ওরফে আবদুয়া (৩২), পিতা: মোহাম্মদ হাশিম, রোহিঙ্গা ক্যাম্প-২৪, এলএমএস-বি ব্লক, সাব-ব্লক এ-৪।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক-সংক্রান্ত প্রযোজ্য আইনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে এপিবিএনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।














