কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে শিক্ষক ও দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পর ব্যবস্থা
কুমিল্লায় এসএসসির খাতা দশম শ্রেণির ছাত্র দিয়ে মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লা, দেবিদ্বার | ১৩ জুলাই ২০২৬: কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে এক সহকারী শিক্ষক ও তার বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিজে খাতা মূল্যায়ন না করে ওই শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবিদ্বারের একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান। শনিবার (১১ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রোববার (১২ জুলাই) দুপুরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পাওয়া শিক্ষক মো. বাচ্চু মিয়া নিজে খাতা মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।
বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার বিবরণ অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষক মো. বাচ্চু মিয়াকে। কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক হিসেবে নিজে খাতা মূল্যায়ন না করে নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে খাতা মার্কিং করান।
ঘটনাটি প্রকাশ্যে আসে গত ২৩ জুন। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছে। ভিডিওতে ওই শিক্ষার্থীর এক বন্ধুকে বলতে শোনা যায়, “বাচ্চু স্যার তোকে দিয়ে বোর্ডের খাতা মার্কিং করায়, ভালো করে দেখ।”
জবাবে ওই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, “এটা একটি ছেলের লাইফ। আমি যে নম্বর দিই, তা বাচ্চু স্যারও জীবনেও দিত না।”
ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একজন শিক্ষার্থী দিয়ে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন করানো শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অবহেলার শামিল। অভিযোগের তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।














