বৃক্ষমেলার উদ্বোধনে কৃষিমন্ত্রীর ঘোষণা; ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, ইউনিয়নভিত্তিক তালিকা করে সহায়তা দেওয়া হবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ১০:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

কুমিল্লা | ১১ জুলাই ২০২৬: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় বীজ, সার, কৃষি উপকরণসহ অন্যান্য সহায়তা প্রদানের বিষয়েও সরকার কাজ করছে।
এর আগে কৃষিমন্ত্রী বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। পরে তিনি মেলার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের সংস্কৃতি এখনও কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। তবে বর্তমান সরকার বৃক্ষরোপণ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী নিজেই কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। ফলে এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। তিনি সর্বস্তরের মানুষকে মেলায় এসে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ ও বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।














