পাথরডুবি সীমান্তে মধ্যরাতের অভিযানে জব্দ ৭৫ হাজার টাকার জাল নোট; মামলা দায়েরের প্রস্তুতি পুলিশের
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাল নোটসহ আটক ব্যক্তি, পুলিশের তদন্ত অব্যাহত
- আপডেট সময় : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোটসহ আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি জাল নোট ব্যবহার করে ভারতের সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিলেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢেবঢেবি বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে আসছিল বলে তথ্য ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এবং এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান যে তিনি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। এছাড়া আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশের দাবি।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সক্রিয় কিছু মাদক ও চোরাকারবারি অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। নিজেদের স্বার্থে তারা একে অপরকেও প্রতারণা করতে দ্বিধা করে না। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হবে।














