সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের অভিযান; শিশু আইনে ব্যবস্থা, পলাতকদের ধরতে অভিযান চলমান।
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাই: ৬ সদস্য গ্রেপ্তার, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত
- আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

রাজশাহী | ৫ জুলাই ২০২৬: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী
মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শনিবার (৫ জুলাই) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবিরের নজরে আসে। এরপর তাঁর নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ সদস্যকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে কিশোর গ্যাং, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।














