রাজাপালংয়ের হিন্দুপাড়ায় দীর্ঘদিনের বসতভিটা নিয়ে বিরোধ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী পরিবারের
উখিয়ায় ২০ বছর ধরে বসবাসকারী নারীর বাড়ি উচ্ছেদের অভিযোগ, হামলা ও নিরাপত্তাহীনতায় পরিবার
- আপডেট সময় : ১১:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় প্রায় ২০ বছর ধরে বসবাসকারী এক দরিদ্র পরিবারের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী রাশেদা বেগম বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।
রাশেদা বেগমের দাবি, দীর্ঘ দুই দশক আগে তিনি ওই এলাকায় একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে ছেলে-মেয়েদের নিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি মেয়ের জন্য নিজ বসতভিটার সীমানার মধ্যে একটি নতুন চালা নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সেলিম উদ্দিন তাতে বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
রাশেদা বেগম ও তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, বাধা দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাশেদা বেগমকে শ্লীলতাহানির চেষ্টাও করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে এবং যেকোনো সময় আরও হামলার আশঙ্কা করছে বলে দাবি করেছে।
ভুক্তভোগী পরিবার স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।














