২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচিতে সার, বীজ, ফলজ চারা ও জৈব সার পেলেন তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: ২ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা
- আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কক্সবাজারের উখিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
এসময় বক্তব্য দেন উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহাম্মদ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আবু তাহের এবং সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকার।
তিনি জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষককে উচ্চফলনশীল (উফশী) আমন ধানের বীজ ও প্রয়োজনীয় সার দেওয়া হবে। এছাড়া ৫০ জন কৃষককে মরিচের বীজ, ৫৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের জন্য বালাইনাশক, সার ও চারা এবং ৯৪০ জন কৃষককে নারিকেল, আম, লিচু, কাঁঠাল, বাতাবি লেবু, আতা, মাল্টা, জলপাই, কদবেল ও আমলকীসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হবে।
তিনি আরও জানান, উপকারভোগীদের প্রত্যেককে পাঁচটি করে বাঁশের খুঁটি ও জৈব সার (গোবর) প্রদান করা হবে। শুধুমাত্র কৃষি বিভাগের তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই এই প্রণোদনার সুবিধা পাবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উখিয়া উপজেলা এই কর্মসূচির আয়োজন করে।














