এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালন
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে জেলা ছাত্রদল: কলম, বিশুদ্ধ পানি ও অভিভাবকদের জন্য বসার বিশেষ ব্যবস্থা
- আপডেট সময় : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

সারা দেশের মতো কুড়িগ্রামেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে কলম ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান তারা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুধু পরীক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরমে স্বস্তি দিতে তাদের জন্য বিশুদ্ধ পানির বোতল সরবরাহের পাশাপাশি ছায়াযুক্ত স্থানে বসার জন্য চেয়ার রাখা হয়। এতে অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
একজন অভিভাবক বলেন, “এই গরমে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য জেলা ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি।”
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন বলেন, “আমরা সবসময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং তাদের সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, পরীক্ষার্থীদের প্রতি এমন সহযোগিতামূলক উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক উদাহরণ, যা অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে।














