বিদেশে পাঠানোর আশ্বাসে প্রায় ২২ লাখ টাকা নেওয়ার অভিযোগ; টাকা ফেরত ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ইতালিতে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে রাজপথে ভুক্তভোগীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত প্রতারক চক্রের বিরুদ্ধে বিচার ও টাকা ফেরতের দাবিতে রাজপথে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে ভুক্তভোগী রিসানূর হক করিম ও আব্দুল মালেক অভিযোগ করেন, বিদেশে চাকরি ও ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হলেও দীর্ঘ আড়াই বছর পার হলেও তারা বিদেশ যেতে পারেননি এবং টাকাও ফেরত পাননি।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, রিসানূর হক করিমের কাছ থেকে ১৫ লাখ ৯১ হাজার টাকা এবং আব্দুল মালেকের কাছ থেকে ৬ লাখ ১৭ হাজার ১৯৬ টাকা নেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, টাকা ফেরত চাইলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে কয়েকজনের নাম ও ছবি সংযুক্ত করে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। ব্যানারে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রিকন মাহমুদ আপেল, মোছা. হিমু আক্তার, মো. আব্দুল মজিদ, মো. হযরত আলী, মো. অন্তর হাসান এবং মো. সাব্বির রহমান।
তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, তাদের কষ্টার্জিত অর্থ ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।














