মাদক, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার ওপর জোর; চলমান ২৮৫টি সড়ক উন্নয়ন কাজে সহযোগিতা চাইলেন ইউএনও
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: দাঙ্গা-সংঘর্ষের আগেই প্রশাসনকে জানানোর আহ্বান ইউএনওর
- আপডেট সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

সালথা, ফরিদপুর | ৩০ জুন ২০২৬: ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সম্ভাব্য দাঙ্গা-সংঘর্ষ বা যেকোনো সামাজিক অস্থিরতার আগেই প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
তিনি বলেন, আগে থেকেই তথ্য পেলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে পারবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবু সায়েম, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং সংঘর্ষ এড়াতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, “কোনো ধরনের দাঙ্গা বা সংঘর্ষের সৃষ্টি হওয়ার আগে প্রশাসনকে অবহিত করতে হবে। তাহলে দ্রুত উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্যার সমাধান করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
এছাড়া তিনি উপজেলার চলমান ২৮৫টি সড়কের উন্নয়ন কাজ যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।














