ইতিহাসভিত্তিক গ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন—সঠিক ইতিহাসচর্চাই জাতির অগ্রগতির ভিত্তি
ছায়ানীড়ের আয়োজনে টাঙ্গাইলে ইতিহাসভিত্তিক গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
- আপডেট সময় : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ইতিহাসচর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক রচিত গ্রন্থ ‘ইতিহাসে অমলিন স্মরণীয় দিন’-এর প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৬ জুন ২০২৬) সকাল ১০টায় টাঙ্গাইলের টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানীড়-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিবাচক চিন্তার মননশীল লেখক ও ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কবি মাহমুদ কামাল।
সংবর্ধিত অতিথি ছিলেন গ্রন্থটির লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিভাগীয় প্রধান (অ্যানেসথেসিওলজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আল মামুন এবং ব্যারিস্টার গোলাম নবী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান, অধ্যাপক সাদি সালমান, লেখক আজমির রহমান খান ইউসুফ জাই এবং তারুণ্য তাওহীদ। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক লুৎফর রহমান।
বক্তারা বলেন, ইতিহাসভিত্তিক গ্রন্থ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা গবেষণাধর্মী ইতিহাসচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা রোধে নির্ভরযোগ্য গবেষণা ও বই প্রকাশ অত্যন্ত জরুরি। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, ইতিহাস জাতির অগ্রযাত্রার ভিত্তি। সঠিক ইতিহাস জানার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।














