র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী; মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন, মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধের আহ্বান
- আপডেট সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২৬ জুন ২০২৬: ‘বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সমস্যা, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মূসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার নাসির, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মো. আবদুল ওদুদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ উপহার দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।
সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেরও বড় অন্তরায়। জীবন একটাই, তাই জীবনকে ভালোবাসুন এবং মাদক থেকে দূরে থাকুন।”
তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী বলেন, মাদক ব্যবসায়ী ও অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকাসক্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ আরও জোরদার করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।














