সংবাদ প্রকাশের পর এলাকাবাসীর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে গোপিনাথপুর পালপাড়া সরকারি সড়ক সংস্কার
হরিরামপুরে স্বেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমেদ ওমর
- আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ, হরিরামপুর | ২৪ জুন ২০২৬ :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পালপাড়া সরকারি সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমেদ ওমর।
বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সড়ক সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গত ২৩ জুন বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ায় “গোপিনাথপুর পালপাড়া সরকারি রাস্তা বেহাল দশা, ঝুঁকিতে চলাচল” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জনমহলে ব্যাপকভাবে আলোচিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
ভুক্তভোগীরা বলেন, “চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমেদ ওমর নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেছেন। আমরা তাঁর এই জনকল্যাণমূলক উদ্যোগে সন্তুষ্ট ও কৃতজ্ঞ।”
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমেদ ওমর বলেন, “সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধা নিশ্চিত করতে আমি নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করেছি। এলাকাবাসীর অনুরোধ এবং জনস্বার্থের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “গোপিনাথপুর ইউনিয়নের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, দ্রুত সময়ে সড়কটি সংস্কার হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।














