উখিয়ার হাঙ্গরঘোনায় ৪০ দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও বৃক্ষচারা তুলে দিলেন সমাজসেবক হেলাল উদ্দিন
উখিয়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ছাতা ও গাছের চারা বিতরণ; মানবিক উদ্যোগে প্রশংসায় হেলাল উদ্দিন মেম্বার
- আপডেট সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

উখিয়া, কক্সবাজার | ২৪ জুন ২০২৬ : কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হাঙ্গরঘোনায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলমুখী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সমাজসেবক ও রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার হেলাল উদ্দিন।
বুধবার (২৪ জুন) সকালে স্কুল চলাকালীন সময়ে হাঙ্গরঘোনা এলাকার অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মরহুম বখতিয়ার আহামদ মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে এবং হেলাল উদ্দিন মেম্বারের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ছাতা এবং বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, বিনামূল্যে স্কুলব্যাগ, ছাতা ও গাছের চারা পেয়ে তারা অত্যন্ত খুশি। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানায়।
স্থানীয়রা জানান, শিক্ষার প্রসার এবং পরিবেশ সংরক্ষণে একযোগে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে হেলাল উদ্দিন মেম্বার যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে হেলাল উদ্দিন মেম্বার বলেন, “আমার সামর্থ্যের মধ্যে থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পর্যায়ক্রমে বিদ্যালয়ের আরও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ছাতা ও গাছের চারা বিতরণ করা হবে। শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
তার এই মহতী উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।














