আপস-মীমাংসার পর আদালতের আদেশ; প্রতিমন্ত্রীর সংশ্লিষ্টতা না থাকার দাবি বাদীপক্ষের
প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলামের জামিন
- আপডেট সময় : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

বগুড়া | ২১ জুন ২০২৬: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়িয়াল ম্যাজিস্ট্রেট-১ (সদর আমলি আদালত) এর বিচারক মেহেদী হাসান এ জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, রেজানুর ইসলামের পক্ষে আইনজীবী তানজীম আল মিসবাহ আদালতে জামিন আবেদন করেন। শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব আদালতকে জানান, ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। ফলে বাদীপক্ষও আসামির জামিনের পক্ষে মত দেয়।
বাদীপক্ষের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ মামলার বিষয়ে অবগত ছিলেন না এবং মামলার সঙ্গে তাঁর কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই। তিনি ইতোমধ্যে এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগতভাবে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন।
তিনি আরও জানান, সাংবাদিক রেজানুর ইসলাম গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে এবং সেই ধারাবাহিকতায় জামিনের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গাজীপুরের জয়দেবপুর এলাকার বসুরা গ্রাম থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে রেজানুর ইসলামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় চাঁদা দাবির অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া সদর থানায় দায়ের হওয়া মামলার বাদী ছিলেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।
ঘটনাটি সাংবাদিক মহল, গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের পথে এগিয়েছে।














