মুগদিয়া বাজারে আয়োজিত সভায় মাদক নির্মূলে রাজনৈতিক নেতা, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
কটিয়াদীর মসূয়া ইউনিয়নে বিএনপির মাদকবিরোধী সচেতনতা সভা: তরুণ সমাজকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান
- আপডেট সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ | ২০ জুন ২০২৬ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় মসূয়া ইউনিয়নের ঐতিহাসিক মুগদিয়া বাজারে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল এবং কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজের প্রতিনিধি, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, “মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের প্রতি আহ্বান জানানো হয়।














