মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা, জব্দ বিপুল কারেন্ট জাল ও ইলিশ মাছ।
লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান: ১০ জেলে আটক, ৮ লক্ষ মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ
- আপডেট সময় : ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১০ জন জেলেকে আটক করা হয়।
অভিযানে প্রায় ৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ সজীব (৪,০০০ টাকা জরিমানা), ২. মোঃ জয়নাল উদ্দিন (৪,৫০০ টাকা), ৩. মোঃ রাজু ব্যাপারী (৪,০০০ টাকা), ৪. মোঃ পাভেল শেখ (৫,০০০ টাকা), ৫. সোহাগ আহমেদ (৫,০০০ টাকা), ৬. মোঃ হিরণ শেখ (১,০০০ টাকা), ৭. আবুল হাসেম (৫,০০০ টাকা), ৮. মোঃ রবিন (৫,০০০ টাকা), ৯. লিটন (১০০ টাকা), এবং ১০. রকিব শেখ (১০০ টাকা)।
অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম।
এসময় লৌহজং থানা পুলিশ, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














