কচুয়া পৌরসভার বালিয়াতলী এলাকায় পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

কচুয়া, চাঁদপুর | ১৪ জুন ২০২৬ : চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে শনিবার (১৪ জুন) একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালিয়াতলী পূর্বপাড়া এলাকায় সঞ্জয়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ মহিন উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মহিন উদ্দিনের পিতা আব্দুর রব মেম্বার এবং মাতা সায়েরা বেগম। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৭ নম্বর দক্ষিণ কচুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকানিয়া ফকির বাড়ী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-৩২, তারিখ ১৪ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে কচুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।














