শত শত সমর্থকের অংশগ্রহণে নীল-আকাশি ও লাল-সবুজের রঙে উৎসবের নগরীতে পরিণত হয় ঝালকাঠি
ঝালকাঠি শহরজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থনে উৎসবমুখর আয়োজন
- আপডেট সময় : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠি | ১০ জুন ২০২৬ : বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ঝালকাঠি শহরজুড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পদযাত্রা ও শোভাযাত্রা। শত শত আর্জেন্টিনা সমর্থকের অংশগ্রহণে বুধবার (১০ জুন) বিকেলে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি মিনি স্টেডিয়াম (থানার মাঠ) প্রাঙ্গণে সমবেত হন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। পরে তারা একটি বিশাল শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রাটি প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে থানার মোড়, কুমারপট্টি মোড়, আড়দ্দাপট্টি মোড়, ডাক্তারপট্টি মোড়, সাধনার মোড়, ফায়ার মোড়, চাঁদকাঠি মোড়, মিনিপার্ক, রোনালস রোড হয়ে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। নীল-আকাশি ও লাল-সবুজ রঙের স্মোক কালারে পুরো শহর উৎসবের আবহে রূপ নেয়। শোভাযাত্রায় ছিল বিশাল আকৃতির পতাকা, বাদ্যযন্ত্র, বাঁশি, মোটরসাইকেল বহর, সুসজ্জিত রিকশা ও ঘোড়ার গাড়ি। নারী, শিশু ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আর্জেন্টিনা সমর্থক সাব্বির হোসেন রানা বলেন, “গত বিশ্বকাপেও আমরা এমন আয়োজন করেছিলাম। তখন ৩৬ বছরের আক্ষেপ ছিল। এখন আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনাকে সমর্থন করছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
আয়োজক কমিটির আহ্বায়ক মো. মামুনুর রশিদ রনি বলেন, “স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও আমরা একটি সুশৃঙ্খল ও সফল আয়োজন করতে পেরেছি। ঝালকাঠির আর্জেন্টিনা সমর্থকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব হতো না।”
অংশগ্রহণকারী হৃদয় ইসলাম বলেন, “আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশের একটি অনন্য মাধ্যম ছিল এই শোভাযাত্রা। এত বিপুল সংখ্যক সমর্থককে একসঙ্গে দেখে সত্যিই ভালো লেগেছে।”
সমর্থক আহসান আবির বলেন, “খেলাধুলা মানুষকে একত্রিত করে। ঝালকাঠিতে আর্জেন্টিনা সমর্থকদের এমন আয়োজন ফুটবল সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”
আয়োজকরা জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি ইতিবাচক ফুটবল সংস্কৃতি গড়ে তোলা, সমর্থকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলাভিত্তিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে বলে তারা জানিয়েছেন।














